
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পুলিশের নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নিকট বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম দায়িত্বভার হস্তান্তর করেছেন। আজ ২৯ নভেম্বর ২০২৫ ক্রিস্টাব্দ অপরাহ্ণে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস এ টি এম মাইনুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পূর্বে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৫তম বিসিএস উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সততা, কর্মদক্ষতা এবং পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মীদের মাঝে সুপরিচিত। রাজশাহী জেলায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি নতুনভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে অবতীর্ণ হলেন। অপরদিকে বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে আজ রাজশাহী ত্যাগ করেন। তিনি ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে রাজশাহী জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বকালীন সময়ে তাঁর নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। মাদক ও অস্ত্র উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, হারানো মোবাইল ফোন উদ্ধারের মতো বিভিন্ন সফল অভিযানে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। ফারজানা ইসলাম দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চীন ও অস্ট্রেলিয়ায় পেশাগত প্রশিক্ষণ এবং ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর এই কর্মকুশল নেতৃত্ব রাজশাহীবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.