
স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর উপজেলা বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, ড. আব্দুল মজিদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-এর অনুমোদিত ডিলাররা অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আলমগীর হোসেন ও অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদির। মতবিনিময় সভায় কৃষি উন্নয়ন, সারের সুষ্ঠু সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের সময়মতো ও সঠিক দামে সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি ডিলারদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং অনিয়ম, মজুদদারি ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রশাসন, ডিলার এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সারের সরবরাহ ব্যবস্থা সুষ্ঠুভাবে বজায় রাখা সম্ভব। সভায় অংশগ্রহণকারী ডিলাররা তাদের বিভিন্ন সমস্যা ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.