
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:রংপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সবাই কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তারা হলেন—শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই এলাকার বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং সাইফুর রহমানের ছেলে মো. লিমন (৩০)। নিহত লিমন মাইক্রোবাসটির চালক ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে নাগেশ্বরীর বাঁশেরতল এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি নাগেশ্বরী থানার আওতাধীন হওয়ায় আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.