নিজস্ব প্রতিবেদক :পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তা ৪০০ দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা চত্বরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।সভাপতির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, সরকারের মানবিক সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। তিনি সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানান।