
স্টাফ রিপোর্টার :রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকায় রাস্তার পাশ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ (আনুমানিক বয়স ৭০ বছর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পোশাক ও শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভবঘুরে বা ভিক্ষুক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ফজরের নামাজ পড়ে কয়েকজন পথচারী বাড়ি ফেরার পথে সুলতানগঞ্জ বাজারের পাশে এক বৃদ্ধকে রাস্তার ধারে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। অত্যন্ত জীর্ণ-শীর্ণ ও দুর্বল প্রকৃতির ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় দেখে তারা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দা মো: আব্দুস সাত্তার (৫৭, পিতা-মৃত মঞ্জুর রহমান, গ্রাম-গাংগোবাড়ি) ওই বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে জরুরি চিকিৎসা প্রদান করেন। তবে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করার মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তবে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে নগদ ৩৬০ টাকা উদ্ধার করা হয়। টাকার মধ্যে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার নোট ও কয়েন ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন।গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.