
বিনোদন ডেস্ক:দক্ষিণি সিনেমার জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু আবারও প্রস্তুত নিজেকে নতুনভাবে মেলে ধরতে। তার বহুল প্রতীক্ষিত তেলেগু অ্যাকশন-ড্রামা ‘মা ইন্তি বাঙারাম’ এখন মুক্তির অপেক্ষায়। আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শনের পর আগামী ১৯ জুন ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। অনেকেই বলছেন এটি সামান্থার ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হতে চলেছে।
‘ওহ! বেবি’ খ্যাত পরিচালক নন্দিনী রেড্ডি এই সিনেমাটি পরিচালনা করেছেন। সিনেমার পোস্টারে দেখা শাড়ি পরা সামান্থার দৃঢ় ও লড়াকু লুকটি ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙা-গড়ার খেলায় সামান্থা সবসময়ই অনন্য। এই সিনেমাতে তিনি কোনো বডি ডাবল ছাড়াই ঝুঁকিপূর্ণ সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। সিনেমাটির মূল শক্তি এর নারীকেন্দ্রিক ও ভিন্নধর্মী গল্প। সামান্থা এখানে এমন একজন গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন, যে তথাকথিত ‘আদর্শ পুত্রবধূ’ হওয়ার পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ। রান্না কিংবা ঘর গোছানোর মতো কাজে সে একেবারেই অপটু আর মুখে লাগাম না থাকা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। কিন্তু এই সহজ-সরল রূপের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় ও রোমাঞ্চকর অতীত। পরিবারের ওপর যখনই কোনো বড় বিপদ নেমে আসে, তখনই সেই গৃহিণী শান্ত পুত্রবধূর খোলস ছেড়ে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। অতীত থেকে আসা এক ভয়ংকর শত্রুর বিরুদ্ধে তার এই রুদ্রমূর্তিই সিনেমার মূল আকর্ষণ।সিনেমায় সামান্থার সঙ্গে সহ-অভিনেতা হিসেবে রয়েছেন গুলশান দেবাইয়া ও দিগন্ত। এর আবহ সংগীত করেছেন সন্তোষ নারায়ণ। যারা চিরাচরিত পারিবারিক ড্রামার বাইরে অ্যাকশন, সাসপেন্স ও আবেগের সংমিশ্রণ দেখতে চান, তাদের জন্য ‘মা ইন্তি বাঙারাম’ একটি উপভোগ্য সিনেমা হতে যাচ্ছেই বলে ধারণা করা হচ্ছে। আর তাই সামান্থার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ফ্যামিলি অ্যাকশন সিনেমাটি উপভোগ করার জন্য।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.