আরাফাত হোসেন নিরব:রাজশাহীর তানোর উপজেলার নদ-নদী,খাল-বিল বর্ষার পানিতে ভরে উঠায় মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। বিভিন্ন স্থানে বড়ফাঁস,খেপলা,ঠেলাজাল ও বিভিন্ন জালসহ নানা ধরনের উপকরণ ব্যবহার করে মাছ ধরছেন তারা। এতে দীর্ঘদিন কর্মহীন থাকা জেলে পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে নদীর পানি বেড়ে খাল-বিল প্লাবিত হয়েছে। এতে তানোর উপজেলার প্রায় দুই হাজার জেলে পরিবার আবারও মাছ শিকারে নেমেছে। তবে জেলেদের অভিযোগ, অবাধে নিষিদ্ধ রিংজাল ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং আগের মতো মাছ মিলছে না।তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী জানান,দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিষিদ্ধ রিং ও কারেন্টজালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, অবৈধ জাল ব্যবহার বন্ধে তানোর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা কার্যক্রম অব্যাহত রয়েছে।