জনতা সময় ডেক্স :ভালো কাজের সঙ্গে তোমরা সব সময় আমাকে পাশে পাবে। কিন্তু খারাপ কাজ বা অপরাধ করলে তুমি আমার ভাই কিংবা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও ছাড় পাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অপরাধের বিচারে অন্য উপজেলার ছেলেদের চেয়ে আমার উপজেলার ছেলেদের ৪-৫ গুণ বেশি শাস্তি পেতে হবে বলেও জানান তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাসনাত বলেন, ‘তুমি বিদেশে যেতে চাও বা অন্য কোনো ক্যারিয়ার গড়তে চাও, সেটা আলাদা বিষয়। কিন্তু পড়াশোনা দিয়ে যদি নিজের ক্যারিয়ার গড়তে চাও, তাহলে তোমার মূল ভিত্তি হচ্ছে কলেজের রেজাল্ট। এ সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথও তোমার জন্য উন্মুক্ত হবে।’তিনি আরও বলেন, ‘কিশোরকে গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেবিদ্বারে কয়েকজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে স্বনামধন্য বিভিন্ন স্কুলের শিক্ষার্থীও রয়েছে। কুমিল্লার পুলিশ সুপার যখন ফোন করে দেবিদ্বারের কোনো ছেলের গ্রেপ্তারের খবর দেন, তখন আমি লজ্জিত হই। কিন্তু আমাদের এলাকার কোনো শিক্ষার্থীর ভালো কাজের খবর পেলে সেটিই হতো আমাদের প্রকৃত গর্ব।’উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে হাসনাত বলেন, ‘তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কী হতে চাও। তুমি প্রজাপতি হবে, মৌমাছি হবে, নাকি ভ্রমর হবে, সেই পথ তোমাকেই নির্ধারণ করতে হবে।’দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীর প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.