জনতার সময় ডেক্স :চরম দারিদ্র্য আর ঋণের নির্মম চাপে দিশেহারা হয়ে অনাগত সন্তান বিক্রির সিদ্ধান্তের খবর গণমাধ্যমে প্রকাশের পরপরই সেই অসহায় অন্তঃসত্ত্বা নারী আঁখির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমের প্রতিবেদনটি নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি পরিবারটির খোঁজ নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রসবকালীন সমস্ত চিকিৎসাব্যয় বহনসহ স্থায়ী কর্মসংস্থানের আশ্বাস দেন।সম্প্রতি গণমাধ্যমে ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে একটি হৃদয়বিদারক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে তুলে ধরা হয়, পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আঁখির স্বামী দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। স্বামীর চিকিৎসা ও সংসারের দৈনন্দিন খরচ মেটাতে গিয়ে পরিবারটি দেনার ভারে পুরোপুরি জর্জরিত হয়ে পড়ে। তৃতীয় সন্তানের আগমনলগ্নে সেই ঋণের বোঝা ও অনাহার থেকে বাঁচতে আঁখি তাঁর গর্ভের অনাগত সন্তান বিক্রির মতো বেদনাদায়ক পথ বেছে নেওয়ার কথা ভেবেছিলেন।প্রতিবেদনটি দৃষ্টিগোচর হওয়া মাত্রই প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বিবেচনায় বিষয়টিকে অগ্রাধিকার দেন। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পরিবারটির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে জরুরি নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সক্রিয় নির্দেশনায় মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারটির অবস্থান শনাক্ত করে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয় এবং তাদের সার্বিক দুরবস্থার বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।পরিবারটির করুণ বাস্তবতা অবগত হয়ে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তাঁর পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটির তাৎক্ষণিক সংকট নিরসনে এক লাখ টাকার একটি চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর পাশাপাশি আঁখির আসন্ন সন্তান প্রসবের যাবতীয় চিকিৎসাব্যয় বহন এবং পরিবারটির দীর্ঘমেয়াদি সচ্ছলতার জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছে। সংকটকালে প্রধানমন্ত্রীর এমন দ্রুত ও সংবেদনশীল পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে অসহায় পরিবারটি।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.