স্টাফ রিপোর্টার :শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার স্বার্থে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তাঁকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত অসুস্থ ভূমিমন্ত্রীর সার্বক্ষণিক সঙ্গী হিসেবে ছায়ার মতো পাশে ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। বিমানবন্দরে পৌঁছে গাড়ি থেকে নামার সময় প্রবীণ এই রাজনৈতিক নেতা এমপি মিলনের কাঁধে ভর দেন। পরবর্তীতে হুইলচেয়ারে করে তাঁকে টার্মিনাল ভবনে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীবাহী বিমানটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা পর্যন্ত বিমানবন্দরে অবস্থান করে সার্বিক বিষয় তদারকি করেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের সুনির্দিষ্ট পরামর্শ অনুযায়ী অধিকতর উন্নত ও নিবিড় চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী থেকে ঢাকায় বিএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই তাঁর পরবর্তী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান মিনু। দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে বিশেষ কেবিনে ভর্তির ব্যবস্থা করেন। চিকিৎসকরা জানান, তাঁর শরীরে হঠাৎ তীব্র রক্তশূন্যতা দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে কয়েক ব্যাগ রক্ত প্রদান করা হয়।এদিকে বর্ষীয়ান এই রাজনীতিবিদের অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রামেক হাসপাতালে ভিড় জমান রাজনৈতিক সহযোদ্ধা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তিনি নিজের দ্রুত আরোগ্য কামনায় রাজশাহীর আপামর জনগণসহ সমগ্র দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.