বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব

Reporter Name / ৫২
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন




স্টাফ রিপোর্টার :রাজশাহীতে একটি নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে পুলিশের এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য সামনে এসেছে। ব্যাংক লেনদেনের নথি অনুযায়ী, ২০২২ সালের ৩০ আগস্ট মাত্র এক দিনের ব্যবধানে নয়, একই দিনেই এই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের ঘটনা ঘটে। প্রথমে কোচিং সেন্টারের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। এরপর ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা পাঠানো হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে।

একটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে একজন পুলিশ সদস্যের ব্যক্তিগত হিসাবে এত বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের ঘটনা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে অর্থের প্রকৃত উৎস, লেনদেনের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আর্থিক সম্পর্ক কী ছিল, তা নিয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে পুরো লেনদেনের স্বচ্ছতা ও বৈধতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

ব্যাংক-সংক্রান্ত নথিতে দেখা যায়, ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর নামে পরিচালিত এক্সিম ব্যাংকের হিসাবে ২০২২ সালের ৩০ আগস্ট নগদ ৫০ লাখ টাকা জমা করা হয়। একই দিন ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। অর্থাৎ, নগদ অর্থ জমা হওয়ার পরপরই প্রায় পুরো অর্থই অন্য একটি ব্যক্তিগত হিসাবে চলে যায়। তবে বাকি এক লাখ টাকা কোথায় বা কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক হিসেবে পরিচিত। তবে আলোচিত লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে জানা গেছে। রাজনৈতিক পরিচয়ের বাইরে এ ঘটনায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব কীভাবে এবং কেন ব্যবহার করা হয়েছিল, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার অর্থের উৎস ও স্থানান্তরের কারণ সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি। গত সোমবার (৯ নভেম্বর) ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে। যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

তাঁর এমন বক্তব্যের পর অর্থের উৎস ও লেনদেনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। একজন সরকারি দায়িত্বশীল ব্যক্তির ব্যক্তিগত ব্যাংক হিসাবে এত বড় অঙ্কের অর্থ কীভাবে এল এবং এর পেছনে কোনো আর্থিক বা পেশাগত সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ঘটনার পরদিন মঙ্গলবার রাতে রাজশাহী নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় সাইফুল ইসলামের সঙ্গে সার্জেন্ট সাবিহা আক্তারকে গোপনে বৈঠক করতে দেখা গেছে । আলোচিত আর্থিক লেনদেনের পর তাঁদের এই সাক্ষাৎ নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে ওই সাক্ষাতের উদ্দেশ্য বা সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, নিজের বক্তব্যে কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম দাবি করেন, সার্জেন্ট সাবিহা আক্তার অন্য একজনের কাছ থেকে অর্থটি পেয়েছিলেন। সরাসরি ওই ব্যক্তির কাছ থেকে টাকা না নিয়ে তাঁর নগদ অর্থ নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে জমা দিয়ে পরে সাবিহার হিসাবে পাঠানোর অনুরোধ করা হয়েছিল।

সাইফুল ইসলামের ভাষ্য, ‘সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। সরাসরি না নিয়ে ওই তৃতীয় ব্যক্তির নগদ টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে সাবিহার হিসাবে পাঠাতে বলা হয়েছিল। আমি উপকার করতে গিয়ে এখন বিপদে পড়েছি।’

তবে ওই তৃতীয় ব্যক্তি কে, তাঁর সঙ্গে সার্জেন্ট সাবিহা আক্তারের সম্পর্ক কী, কেন সরাসরি অর্থ স্থানান্তর না করে একটি নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করা হয়েছিল-এসব প্রশ্নের উত্তর দেননি সাইফুল ইসলাম। ফলে তাঁর বক্তব্যে অর্থের উৎস সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেলেও লেনদেনের প্রকৃত উদ্দেশ্য ও প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

একজন সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এত বিপুল পরিমাণ অর্থের লেনদেনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘পুলিশের ট্রাফিক বিভাগে নানামুখী দুর্নীতির কথা সবার জানা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের অ্যাকাউন্টে এমন অস্বচ্ছ ও বিপুল অঙ্কের লেনদেনের পেছনে কী রয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করা অত্যন্ত জরুরি।’

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কোনো প্রশাসনিক অভিযোগ না এলে পুলিশ নিজস্ব উদ্যোগে কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত শুরু করে না।

তবে আলোচিত লেনদেনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে যাচাই করা প্রয়োজন। নগদ ৫০ লাখ টাকার প্রকৃত উৎস কী, অর্থ জমাদানকারী ব্যক্তি কে, নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাব কেন মধ্যবর্তী মাধ্যম হিসেবে ব্যবহৃত হলো এবং সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত হিসাবে অর্থ স্থানান্তরের পেছনে কী কারণ ছিল-এসব প্রশ্নের নিরপেক্ষ অনুসন্ধান জরুরি।

পাশাপাশি অর্থের উৎস ও ব্যবহার, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের লেনদেনের বিবরণী, আয়কর নথি এবং প্রয়োজনীয় আর্থিক দলিল যাচাইয়ের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র বের করা সম্ভব। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আর্থিক লেনদেনের বৈধতা ও উৎস অনুসন্ধানের বিষয়টিও বিবেচনায় নেওয়া যেতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি জনআস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব থেকে পুলিশ সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তরের এই ঘটনা কেবল ব্যক্তিগত লেনদেনের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। অর্থের উৎস, লেনদেনের উদ্দেশ্য এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই হলেই বেরিয়ে আসতে পারে এই বিপুল অর্থ স্থানান্তরের প্রকৃত রহস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host