স্টাফ রিপোর্টার :উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে ‘রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত এই ম্যারাথনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।‘রান ফর ক্লিন সিটি, রান ফর গ্রিন সিটি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ম্যারাথনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিস রোড থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। এবারের রাজশাহী হাফ ম্যারাথন আয়োজনে বিভিন্ন বয়সের ও শ্রেণি-পেশার মোট ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দৌড় কেবল শরীরকেই সুস্থ রাখবে না, বরং আগামী দিনে আমাদের সব কাজে নতুন গতির সঞ্চার করবে। একমাত্র ক্রীড়াই পারে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ সমাজ গড়ে তুলতে। তরুণ সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে রাজশাহী রানার্স কমিউনিটির এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করে তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্রীড়াবান্ধব নীতির কথা উল্লেখ করে রাসিক প্রশাসক আরও বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছেন এবং ইতিমধ্যে প্রতিটি জেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণের নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে ক্রীড়ার ব্যাপক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ১৬টি আধুনিক টার্ফ এবং ২১টি নতুন খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। বক্তব্যের শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গ্রিন ও ক্লিন রাজশাহীকে আরও সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, একটি সুস্থ, কর্মক্ষম ও স্বাস্থ্যসচেতন জাতি বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরে দৌড় বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবারের হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা।রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, ম্যারাথন রেস কো-অর্ডিনেটর প্রফেসর আমিরুজ্জামান এবং রেস মার্শাল কেএম আরিফ হোসেন। এ সময় রানার্স কমিউনিটি রাজশাহীর অন্যান্য সদস্য ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘টাইম জোন’ এবং সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী সিটি কর্পোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পূবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সপুরা সিল্ক, নিউকি, এমসিজি ও স্পার্কলিংসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.