জনতার সময় ডেস্ক:দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নাশকতামূলক পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। সোমবার (২৩ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও এলাকাগুলোতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এই বিশেষ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিওচিত্র বা লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকদের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি দৃঢ়ভাবে বদ্ধপরিকর।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.