জনতার সময় ডেস্ক:দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রীর কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সাম্প্রতিক নাশকতামূলক সহিংসতার প্রেক্ষাপটে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। উল্লেখ্য, যুক্তরাজ্য সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে ফেরেন নাহিদ ইসলাম এবং পরদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।বৈঠকে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। দেশের বিরাজমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের অংশ হিসেবে এনসিপির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে এনসিপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.