ভেজাল ওষুধসহ গ্রেপ্তার ৩রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল্লা আল-মামুন (৪২), মো. সাজু (৩৩) ও মো. সজীব (২৬)।ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান রোডের ব্লক-সি এলাকার একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান, পাউডার, ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও প্যাকেজিংসামগ্রী উদ্ধার করা হয়।অভিযানে ওষুধ তৈরির কাজে ব্যবহৃত তিনটি সিলিন্ডার, একটি ফুয়েল লাগানোর মেশিন, দুটি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি ফুয়েল (পলিথিন), ছয়টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং দুটি লেবেল লাগানোর সাঁচ জব্দ করা হয়েছে।ডিবি ওয়ারী বিভাগ জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে শিশুদের জন্য ব্যবহৃত কয়েকটি সিরাপ ও লিকুইড পণ্যও রয়েছে। ভেজাল ও অনুমোদনহীন এসব ওষুধ শিশুদের জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।ভেজাল ওষুধ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।