মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :
ঢাকার সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মিঠু বিশ্বাস (৪৪) কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস. রাফায়েলের ছেলে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্তকারীর অফিসার এসআই আব্দুল ওহাব।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং–১৯) দায়ের করেন। মামলার অন্য দুই আসামি হলেন—সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০), দুজনেই একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফেরার পথে ভুক্তভোগী তরুণীকে অনুসরণ করে তিন আসামি। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং অপর দুই সহযোগীর সহায়তায় তরুণীকে ধর্ষণ করে।
এ ঘটনায় কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, “ঘটনার পর থেকে মিঠু বিশ্বাস পলাতক ছিলেন। তাকে তেজগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুই আসামিকেও ধরতে অভিযান চলছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মিঠু বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।







