বিনোদন ডেস্ক :-বলিউডে ডিম্বাণু সংরক্ষণ এখন আর নতুন কোনো বিষয় নয়। ক্যারিয়ার, ব্যক্তিগত সিদ্ধান্ত ও মাতৃত্ব-এই তিনের ভারসাম্য রাখতে অনেক অভিনেত্রীই অল্প বয়সে ডিম্বাণু সংরক্ষণের পথ বেছে নিচ্ছেন। এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মাত্র ৩০ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি মা হন।এবার এই বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ‘ব্যাডস অব বলিউড’ অভিনেত্রী মোনা সিং।অনেক নারী এখনই নয়, ভবিষ্যতে মা হওয়ার পরিকল্পনা করেন। চিকিৎসাবিজ্ঞানের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। ফলে বেশি বয়সে মাতৃত্বের ক্ষেত্রে নানা জটিলতার সম্ভাবনাও বাড়ে। সেই ঝুঁকি কমাতেই অল্প বয়সে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে।বর্তমানে সিনেমা ও ওটিটি-দুই মাধ্যমেই ব্যস্ত মোনা সিং এক সময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। সেই সময়েই তিনি ডিম্বাণু সংরক্ষণ করান। মোনা জানান, তাঁর বাড়িতে নৈশভোজে আসা এক স্ত্রীরোগ চিকিৎসকের পরামর্শেই এই সিদ্ধান্ত নেন তিনি। তবে প্রক্রিয়াটি মোটেই সহজ ছিল না।অভিনেত্রীর কথায়, “শুরুর তিন থেকে ছ’মাস খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। শরীরে বাইরে থেকে হরমোন ঢোকানো হয়, ফলে পেট ফেঁপে যাওয়া বা শারীরিক অস্বস্তি হতে পারে। তবে এই কষ্টটা সাময়িক।”মোনা আরো বলেন, ডিম্বাণু সংরক্ষণ করানোর ফলে মাতৃত্বের সিদ্ধান্ত নিজের হাতে থাকে।শুধুমাত্র সন্তানের তাগিদে ভুল সিদ্ধান্ত নিয়ে বিয়ে করতে হয় না।২০১৯ সালে মোনা সিং বিয়ে করলেও এখনও তিনি ও তাঁর স্বামী পরিবার পরিকল্পনার পথে হাঁটেননি। অভিনেত্রীর মতে, সময় ও পরিস্থিতি বুঝে মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।







