গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর গোদাগাড়ীতে দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের আয়োজনে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, “শিক্ষার আসল উদ্দেশ্য কেবল ভালো ফলাফল বা ডিগ্রি অর্জন নয়, বরং তা মানুষের মন ও আত্মার উন্নয়ন ঘটিয়ে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। জ্ঞান অর্জনের পাশাপাশি কুরআন শিক্ষা, উত্তম চরিত্র, সততা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।” তিনি শিক্ষার্থীদের বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠসহ নিয়মকানুন ও অনুশাসনের মাধ্যমে জীবন গড়ার আহ্বান জানান।দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের পরিচালক মোসা: জান্নাতি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. মোঃ ওবায়জুল্লাহ এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা।অনুষ্ঠানে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গোদাগাড়ী উপজেলায় কৃতিত্ব অর্জনকারী দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিতর্ক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।