বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) দিনভর বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত পর্যটনকেন্দ্রগুলো হলো- নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক। দিবসটি উপলক্ষে এসব কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকদের কোনো প্রবেশমূল্য দিতে হবে না। জেলা প্রশাসন জানিয়েছে, বান্দরবানকে আরও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিবস ও বিশেষ আয়োজনে পর্যটনকেন্দ্রগুলোর প্রবেশমূল্য মওকুফ করা হয়। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে উৎসাহিত করার পাশাপাশি জেলার পর্যটন খাতকে আরও জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।