লালমনিরহাট জেলা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে লালমনিরহাট সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ ঠেকাতে জেলার পাঁচটি উপজেলার সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ (৯ মে) শনিবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট ব্যাটালিয়ন(১৫ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে সীমান্ত দিয়ে পুশ-ইন অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালান এবং মানব পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধ বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, বিজিবি সদর দপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে তারা সর্বদা তৎপর রয়েছেন। তিনি আরও বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো প্রকার শিথিলতা দেখাচ্ছি না। অনুপ্রবেশ ঠেকাতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছি এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি আরও জোরালো করা হয়েছে।







