স্টাফ রিপোর্টার:জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। যদিও ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তার গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে কে বা কারা এসে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।তিনি আরও বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এদিকে আজ বিকালে মানবজমিনের সঙ্গে কথা হয় আসিফ আকবরের। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমি মগবাজারের অফিসে বসে আমার বড় ছেলের সঙ্গে তখন কথা বলছিলাম। সে সময় সিসি ক্যামেরায় অস্বাভাবিক বিষয় মনে হলো। তার পরপরই নিচ থেকে সিকিউরিটি এসে বলল গুলি চলার কথা। এরপর পুলিশকে কল করা হয়। ৪/৫ মিনিটের মধ্যে তারা এসে হাজির হলে আমি নিচে নামি। এরপর দেখলাম গাড়ির গ্লাসে গুলি লেগেছে। আসিফ জানান, আমার বাসায় পুলিশের কর্মকর্তারা এসেছেন। তাদের সঙ্গে কথা বলছি। তবে আমি তো অনেক বিষয় নিয়েই কথা বলি, প্রতিবাদ করি। এ ধরনের ঘটনা ঘটতে পারে ভাবিনি। কারো প্রতি আমার সন্দেহ নেই। তবে পুলিশ খুব তৎপর। তারা তদন্ত করেই বের করবে মূল বিষয় কি। এটাই প্রত্যাশা।