বিনোদন প্রতিবেদক ঢাকা:রাজধানীর উত্তরা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিয়াজ মেহেদী জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মামলার বিস্তারিত তথ্য কিংবা সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।এর আগে গভীর রাতে পুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। তাঁকে কেন আটক করা হচ্ছে, তা–ও জানেন না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে।আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’ লাইভের শেষ দিকে মা–বাবাকে আশ্বস্ত করে অভিনেত্রী বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা–মা, তোমরা ভয় পেয়ো না।’পরে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র–জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থী কয়েকজন শিল্পীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’–এর সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থী ও তাঁদের সমর্থন জানানো কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতাকে নিয়ে নেতিবাচক মন্তব্যের বিষয়টি সামনে আসে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা।পরে ফেসবুক লাইভে এসে জ্যোতি দাবি করেন, ওই গ্রুপে থাকার উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী।আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন জ্যোতিকা জ্যোতি। তিনি দলটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ২০১৬ সালে ময়মনসিংহ–৩ আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে কোনোবারই মনোনয়ন পাননি।