মোহনপুর প্রতিনিধি :রাজশাহীর মোহনপুর উপজেলায় নিজ বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে উপজেলার করিশা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং একই এলাকার কোঁকড়ার মেয়ে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশে অস্বাভাবিক শব্দ শুনে তার ছেলে নবাব আলীর ঘুম ভেঙে যায়। শব্দ শুনে সন্দেহ হলে তিনি ঘর থেকে বাইরে বের হওয়ার সময় দেখতে পান, বাড়ির বাইরের প্রধান ফটক বন্ধ রয়েছে এবং তার মা নিজ ঘরে নেই।বিষয়টি টের পেয়ে নবাব আলী উদ্বিগ্ন হয়ে আশপাশে মাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজের ভেতরে তিনি তার মা শেফালী বেগমকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল ও পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।